
শাহেদ আহমেদ,
সাতক্ষীরা
সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ফ্যাক্ট চেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান ডিজিটাল বিশ্বে তথ্যের প্রবাহ বহুগুণে বৃদ্ধি পেয়েছে, যার ফলে সাধারণ মানুষের কাছে তথ্য পৌঁছানো যেমন সহজ হয়েছে, তেমনি ভুয়া খবর, অপপ্রচার ও গুজব দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকিও বেড়েছে। তিনি বলেন, “সাংবাদিকদের দায়িত্ব এখন শুধু সংবাদ পরিবেশন নয়, বরং তথ্য যাচাই করে সত্য ও নির্ভরযোগ্য তথ্য জনগণের সামনে উপস্থাপন করা।” তিনি আরও উল্লেখ করেন, গণমাধ্যমকর্মীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি দায়িত্বশীল ও জবাবদিহিমূলক সংবাদ পরিবেশ গড়ে তোলা সম্ভব, আর সে লক্ষ্যেই এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন পিআইবির প্রশিক্ষক ও প্রোগ্রাম সমন্বয়কারী মো. সাহানোয়ার সাইদ শাহীন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, যেখানে তিনি সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণের প্রয়োজনীয়তা এবং প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন।
প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে রিসোর্স পারসন হিসেবে বিস্তারিত সেশন পরিচালনা করেন অভিজ্ঞ প্রশিক্ষক মো. শাহাবুদ্দিন। এ সময় সাতক্ষীরা প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ের ওপর হাতে-কলমে ধারণা লাভ করেন।
আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকরা মাল্টিমিডিয়া সাংবাদিকতার আধুনিক কৌশল, তথ্য যাচাইয়ের কার্যকর পদ্ধতি (ফ্যাক্ট চেকিং), ডিজিটাল নিরাপত্তা ও সাইবার ঝুঁকি মোকাবিলা, এবং সংবাদ সংগ্রহ ও উপস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক উভয়ধরনের প্রশিক্ষণ গ্রহণ করবেন। এছাড়াও প্রশিক্ষণের প্রতিটি সেশনে থাকবে ইন্টারেক্টিভ আলোচনা, বাস্তব উদাহরণ বিশ্লেষণ এবং ব্যবহারিক অনুশীলনের সুযোগ।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকল সাংবাদিকের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, তথ্যের সত্যতা যাচাই এবং আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা সামগ্রিকভাবে দেশের গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও গতিশীল করে তুলবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.