
মনিরুজ্জামান মিলন পাটোয়ারী,
নীলফামারী
শিশু মৃত্যুহার হ্রাস, অপুষ্টি প্রতিরোধ এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর জলঢাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ বাস্তবায়ন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৫ জুন ২৬ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত এ সভায় ক্যাম্পেইন সফল ভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহাদী হাসান, জলঢাকা থানার এসআই আবু বক্কর, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, প্রেসক্লাব জলঢাকা সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি হেমতাজুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও গণমাধ্যমকর্মীরা। এসময় সভায় উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, তাঁর বক্তব্যে বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের দৃষ্টিশক্তি সুরক্ষা, শারীরিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সসীমার প্রতিটি শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় এনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে হবে। পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান বলেন, ক্যাম্পেইনের সফলতা নির্ভর করে অভিভাবকদের সচেতনতা এবং মাঠপর্যায়ের কার্যকর তদারকির ওপর। এ লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবকদের সমন্বিত ভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের লক্ষ্য, কর্মপদ্ধতি, কেন্দ্র পরিচালনা, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব এবং প্রচার-প্রচারণা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি উপজেলার কোনো শিশুই যেন এই কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তা বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুস্বাস্থ্য সুরক্ষায় সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কর্মসূচি। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শতভাগ শিশুকে এ কর্মসূচির আওতায় আনা সম্ভব হবে। সভা শেষে ক্যাম্পেইন সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল বিভাগ ও অংশীজনের আন্তরিক সহযোগিতা কামনা করা হয় এবং ব্যাপক জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.