
শাহেদ আহমেদ,
সাতক্ষীরা:
সাতক্ষীরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা প্রায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য জনসম্মুখে ধ্বংস করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির চলমান অভিযানের অংশ হিসেবে রোববার (২৮ জুন) সকাল ১১টায় সাতক্ষীরা ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬’-এ আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি।
এ সময় সাতক্ষীরার জেলা প্রশাসক কাউছার আজিজ, খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. মাসুদুর রহমান, পিএসসি, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান, অতিরিক্ত পুলিশ সুপার নুরুল্লাহ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তা, র্যাব-৬-এর কোম্পানি কমান্ডারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্র জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন বিওপি এবং সাতক্ষীরা ব্যাটালিয়নের পরিচালিত পৃথক অভিযানে ৪৮ জন চোরাকারবারিকে আটক করা হয়। একই সময়ে মোট ১২৬ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার ৮৫৬ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এর মধ্যে প্রায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ছিল, যা আদালতের নির্দেশনা ও আইনগত প্রক্রিয়া শেষে রোববার ধ্বংস করা হয়।
ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩ হাজার ৭৯১ বোতল বিভিন্ন ধরনের বিদেশি মদ, ৪ হাজার ৫২৪ বোতল ফেনসিডিল ও সমজাতীয় মাদক, ৪৭ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ লাখ ৭ হাজার ৭৬৯ পিস অবৈধ বিড়ি ও সিগারেট, ৩৩ দশমিক ৪০০ কেজি গাঁজা, ৬৩ লাখ ১৩ হাজার ১২০ পিস বিভিন্ন ধরনের অবৈধ ওষুধ, ৩৫ কেজি তামাকের গুঁড়া, দুই বোতল লিকুইড সীসা, ১০০ কেজি মাদক তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত বটপাতা, ৭২ দশমিক ৫০ মিলিলিটার এলএসডি, ৮ দশমিক ৫৮৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং আফিম তৈরিতে ব্যবহৃত ২০ বোতল রাসায়নিক দ্রব্য।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, "মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবি সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় নিয়োজিত বিজিবি সদস্যরা দিন-রাত নিরলসভাবে কাজ করে মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।"
তিনি আরও বলেন, "মাদক একটি বহুমাত্রিক সামাজিক ব্যাধি। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে সর্বস্তরের জনগণের সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি।" এ লক্ষ্যে তিনি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি সাতক্ষীরা ব্যাটালিয়নের সদস্যদের দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন এবং নিজ হাতে মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির পাশাপাশি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানানো হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকা থেকে উদ্ধার হওয়া প্রাণঘাতী মাদকদ্রব্য জনসম্মুখে ধ্বংসের মাধ্যমে একদিকে যেমন জনসচেতনতা বৃদ্ধি পায়, অন্যদিকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আরও শক্তিশালী হয়। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.