
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৩ হাজার পিস ইয়াবাসহ রাজা হাসান রাজু (২৯) ও রাফায়েল হাসান হৃদয় (১৮) নামে দুই অভিযুক্ত মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার হওয়া দুজন সম্পর্কে আপন মামা-ভাগিনা।
সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গীগামী পাকা সড়কে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ।
গ্রেফতারকৃত রাজা হাসান রাজু বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকার দারাব উদ্দীনের ছেলে এবং রাফায়েল হাসান হৃদয় ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার নবীর হোসেনের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় রাজা হাসান রাজুর প্যান্টের পকেট থেকে ১ হাজার ৫০০ পিস এবং রাফায়েল হাসান হৃদয়ের প্যান্টের পকেট থেকে আরও ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোট ৩ হাজার পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার হওয়া মামা-ভাগিনা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে ইয়াবার অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(খ)/৪১ ধারায় ঠাকুরগাঁও সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.