
এম,এ মালেক,
ধোবাউড়া,ময়মনসিংহ :
ময়মনসিংহের ধোবাউড়ায় ২০২৫-২০২৬ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরীর নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার ৫ জুলাই দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় প্রশাসন এই মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সালমান ওমর বলেন, "বর্তমান সরকার দুর্যোগপ্রবণ মানুষের পাশে সবসময় আছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের এই সহায়তা আপনাদের পুনর্বাসনে কিছুটা হলেও সহায়ক ভূমিকা পালন করবে। আমরা চাই ধোবাউড়ার কোনো মানুষ যেন দুর্যোগের কারণে আশ্রয়হীন না থাকে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন।
উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, "দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা তালিকা যাচাই-বাছাই করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে এই সহায়তা পৌঁছে দিয়েছি। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ঢেউটিনের পাশাপাশি গৃহনির্মাণের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে, যাতে তারা দ্রুত ঘরবাড়ি মেরামত করে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।"
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা দুর্যোগ মোকাবিলায় সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে যেকোনো সংকটে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.