
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তিসহ মাইকেল রায় (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সৈয়দপুর পানুয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারির নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
অভিযানে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সৈয়দপুর পানুয়াপাড়া গ্রামের মৃত যতীন্দ্রনাথের ছেলে মাইকেল রায়কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ৩৫ কেজি ওজনের (দৈর্ঘ্য ৩০ ইঞ্চি ও প্রস্থ ১৫ ইঞ্চি) একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মূর্তিটির আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা। এছাড়া একটি বাটন মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের মোট আনুমানিক সিজার মূল্য ৩৫ লাখ ১ হাজার ২০০ টাকা।
বিজিবি জানিয়েছে, এ ঘটনায় বাদী হয়ে দিনাজপুর জেলার কাহারোল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহায়তার আহ্বানও জানানো হয়
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.