নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচিত মাদ্রাসাছাত্র জাহিদ হোসেন (১০) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. সামিউল ইসলাম শামীম (৩০)-কে রাজধানীর চকবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব-১০ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০-এর সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১৯ জুলাই ২০২৬ সন্ধ্যা প্রায় ৬টা ৪৫ মিনিটে ঢাকা মহানগরের চকবাজার থানাধীন ঢাকেশ্বরী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
জানা যায়, নিহত জাহিদ হোসেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাসিন্দা আব্দুল মানিকের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। ঈদের ছুটি শেষে গত ৯ এপ্রিল ২০২৬ মাদ্রাসায় ফিরে গিয়ে তিনি মোবাইল ফোনে বাবাকে মাদ্রাসার বেতন পরিশোধের কথা জানান। পরদিন ১০ এপ্রিল সন্ধ্যায় আব্দুল মানিক মাদ্রাসায় গিয়ে জানতে পারেন, তার ছেলে ওইদিন সকাল ১০টার পর থেকেই নিখোঁজ। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরবর্তীতে ১১ এপ্রিল শাহজাদপুর থানা পুলিশ একটি আবাদি জমি থেকে এক অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহটি জাহিদ হোসেনের বলে শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মো. সামিউল ইসলাম শামীম (৩০)। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চরনরিনা গ্রামের মৃত দ্বীন ইসলামের ছেলে।
র্যাব-১০ জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটি জানায়, হত্যা, মাদক, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি, প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.