
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলার কেরুনতলী এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। এ ঘটনায় জাদীমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দুই সহোদর রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কেরুনতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্দেহভাজন দুই নারীর দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।
আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবাসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.