
মহিউদ্দিন:
নেত্রকোনা
নেত্রকোণা সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা ৭৫টি কম্বল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চোরাচালানের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, শনিবার (২৫ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে নেত্রকোণা মডেল থানার এস.আই মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার পূর্ব বাংলা শান্তি ফিলিং স্টেশনের পাশের সড়কে অভিযান চালায়। এ সময় সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের দুর্গাশ্রম এলাকা থেকে ২৫টি প্লাস্টিকের বস্তায় থাকা মোট ৭৫টি ভারতীয় কম্বল জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,সোলাইমান আহাম্মদ (২৩): সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের কাশেম মিয়ার ছেলে। সানি (১৯): একই উপজেলার রুহী নয়াপাড়া ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে। পুলিশ আরও জানায়, জব্দকৃত ২৫টি বস্তার প্রতিটিতে তিনটি করে WOOLSPUN Creta Super Soft Mink Blanket ব্র্যান্ডের বিভিন্ন রঙের কম্বল ছিল। প্রতিটি কম্বলের আনুমানিক মূল্য ২ হাজার টাকা হিসেবে মোট জব্দকৃত কম্বলের মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। ঘটনাটি নিশ্চিত করে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা কম্বলগুলো বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছিল। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি(বি) ধারায় মামলা রুজু করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.