
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার অফিসে জমির দলিল নিবন্ধন, নকল উত্তোলন ও রেকর্ড-সংক্রান্ত সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। একাধিক সেবাপ্রার্থীর দাবি, অতিরিক্ত অর্থ না দিলে ইচ্ছাকৃতভাবে ফাইল আটকে রাখা, নথি সরবরাহে বিলম্ব এবং বিভিন্ন অজুহাতে হয়রানি করা হয়। এ অভিযোগের মধ্যেই গোপন ক্যামেরায় ধারণ করা একটি ভিডিওতে অফিসের একজন কর্মচারীর অর্থ গ্রহণের দৃশ্য ধরা পড়েছে বলে অভিযোগ উঠেছে। গত চার আগষ্ট মঙ্গলবার স্যোশাল মিডিয়ায় এ বিষয়ে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয।
অনুসন্ধান ও এ্যাডভোকেট মনসুরের ভাষ্যমতে জানা যায়, জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন শত শত মানুষ দলিল নিবন্ধন, পর্চা ও নকল উত্তোলনসহ বিভিন্ন সেবা নিতে জেলা রেজিস্ট্রার অফিসে আসেন। অনেকেই জানান, সরকারি নিয়মে আবেদন ও ফি পরিশোধের পরও কাঙ্ক্ষিত সেবা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তবে অতিরিক্ত অর্থ দিলে একই কাজ তুলনামূলক দ্রুত সম্পন্ন হয়—এমন অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী।
অনুসন্ধানে আরও অভিযোগ ওঠে, অফিসের রেকর্ড কিপার আঞ্জুমান আরার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরকারি ফির বাইরে অর্থ গ্রহণের অভিযোগ উঠেছে। গোপন ক্যামেরায় ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় বলে অভিযোগ, তিনি অফিস কক্ষে খাবার খাওয়ার সময় টেবিলে বসেই এক ব্যক্তির কাছ থেকে টাকা গ্রহণ করছেন। ভিডিওতে অর্থ গ্রহণের দৃশ্য থাকলেও সেটি সরকারি ফি নাকি অভিযোগ অনুযায়ী অতিরিক্ত অর্থ—তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
নাম না জানিয়ে কয়েকজন সেবাপ্রার্থী বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং দীর্ঘদিন ধরে একটি অসাধু সিন্ডিকেটের মাধ্যমে সেবাপ্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। তাদের অভিযোগ, সরকারি ফি জমা দেওয়ার পরও বিভিন্ন অজুহাতে ফাইল আটকে রাখা হয় এবং দ্রুত কাজের আশ্বাস দিয়ে অতিরিক্ত অর্থ দাবি করা হয়। অনেকে ভবিষ্যতে হয়রানির ভয়ে প্রকাশ্যে অভিযোগ করতে চান না বলেও জানান।
স্থানীয় সচেতন নাগরিকদের মতে, অভিযোগ থাকলেও অধিকাংশ ক্ষেত্রে লিখিত অভিযোগ দায়ের হয় না। ফলে অভিযোগের সুষ্ঠু তদন্তও হয় না এবং অনিয়মের সংস্কৃতি বছরের পর বছর ধরে চলতে থাকে। তারা জেলা রেজিস্ট্রার অফিসে সিসিটিভি নজরদারি বৃদ্ধি, সেবার ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালু এবং অভিযোগ গ্রহণের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রেকর্ড কিপার আঞ্জুমান আরা মুঠোফোনে বলেন, "আমি কোনো অতিরিক্ত অর্থ গ্রহণ করিনি। খাবার খাওয়ার সময় এক ব্যক্তি চারটি জমির দলিলের নকল উত্তোলনের জন্য সরকারি নির্ধারিত চার হাজার টাকা জমা দিয়েছেন। এর বাইরে কোনো অর্থ নেওয়া হয়নি।"
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার মো. হেলাল উদ্দিন বলেন, "সরকারি নির্ধারিত ফির বাইরে কেউ অতিরিক্ত অর্থ গ্রহণ করে থাকলে এবং এ বিষয়ে লিখিত অভিযোগ বা গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে, গোপন ক্যামেরায় ধারণ করা কথিত অর্থ লেনদেনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে ভিডিওটির সত্যতা ও প্রেক্ষাপট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব।
সেবাপ্রার্থী ও সচেতন মহলের দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্যতা উদঘাটন, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জেলা রেজিস্ট্রার অফিসে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.