
মনিরুজ্জামান মিলন পাটোয়ারী, নীলফামারী
গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নীলফামারীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য, নীলফামারী জেলা শাখা।বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় শহরের আল-হেলাল একাডেমি প্রাঙ্গণ থেকে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি হস্তান্তর করেন সংগঠনটির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এমপি, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নীলফামারী পৌরসভার মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, আব্দুল কাদিম, কাজী আব্দুল মালেক, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু হানিফা শাহ, সহকারী সেক্রেটারি আহমাদ রায়হান, শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী, এনসিপির জেলা আহ্বায়ক আব্দুল মজিদসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এমপি এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম। বক্তারা বলেন, অব্যাহত গ্যাস সংকট, অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও ভুতুড়ে বিল আদায়ের কারণে সাধারণ মানুষের জনজীবন চরম বিপর্যস্ত হয়ে পড়েছে। এর সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস উঠেছে। তারা অভিযোগ করেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর বাজার তদারকি ও প্রয়োজনীয় উদ্যোগের অভাবে জনগণের ভোগান্তি দিন দিন বাড়ছে। অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনা, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট নিরসন, ভুতুড়ে বিল আদায় বন্ধ এবং জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা। একই সঙ্গে স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.