
রানা মাহমুদঃ
ফরিদপুরের বাসাগাড়ী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস খাদে পড়ে গেছে। এতে বাসের সুপারভাইজার সামান্য আহত হয়েছেন। তবে বাসে থাকা কোনো যাত্রী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
শনিবার (৯ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের বাসটি বাসাগাড়ী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার সময় বাসটিতে আনুমানিক ৩৫ থেকে ৩৮ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় সুপারভাইজার মাথায় সামান্য আঘাত পেয়েছেন বলে জানা গেছে।
এদিকে বাসটি সড়কের পাশে দুর্ঘটনার শিকার হওয়ায় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। ফলে ঘটনাস্থলের আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, এতে দুর্ভোগে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রীরা।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও নগরকান্দা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। সকাল ১০টা থেকে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.