
নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। সোমবার (১০ আগস্ট) রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের সিরাজনগর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এবং ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে এসআই প্রদীপ চন্দ্র দাস ও এসআই মো. তানভীর হোসেন ভূইয়াসহ ডিবির একটি দল অংশ নেয়।
পুলিশ জানায়, ১০ আগস্ট রাত ১০টা ৩৫ মিনিটের দিকে তারানগর ইউনিয়নের সিরাজনগর মধ্যপাড়া এলাকায় জাকির হোসেনের মার্কেটের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আব্দুল আওয়াল ঝন্টু (৪৫), নারায়ণগঞ্জের রূপগঞ্জের মো. আমির হোসেন রনি (৪০), মানিকগঞ্জ সদর উপজেলার মো. সেলিম ভান্ডারী (৪২), কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মো. মান্নান (৪২) এবং মানিকগঞ্জ সদর উপজেলার মো. এজাজ (৪০)।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার আব্দুল আওয়াল ঝন্টুর কাছ থেকে ২৫০ পিস, আমির হোসেন রনির কাছ থেকে ১০০ পিস, সেলিম ভান্ডারীর কাছ থেকে ১০০ পিস, মো. মান্নানের কাছ থেকে ২০০ পিস এবং মো. এজাজের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলাটি ১১ আগস্ট দায়ের করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.