লুৎফর সিকদার -
গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে ১৫ আগস্টকে সামনে রেখে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়ানো ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। জেলা পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব, এপিবিএনসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রস্তুত রয়েছে।
অন্য দিকে, টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি গেট ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ, এপিবিএন ও সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আজ শুক্রবার (১৪ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মোহাম্মদ হাবীবুল্লাহর নেতৃত্বে যৌথ টহল বের করা হয়। পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএনের সদস্যরা অংশ নেন। টহলটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকায় যায়।
পরবর্তীতে জেলা শহরে ফিরে এসে টহল শেষ হয়।
পুলিশ সুপার মোহাম্মদ হাবীবুল্লাহ বলেন, ১৫ আগস্ট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না ঘটে, সে জন্য বিজিবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, "জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির সদস্যরা পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন প্রয়োজনে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.