
আরিফ বিল্লাহ।
নেছারাবাদ পিরোজপুরঃ
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠীতে আওয়ামী লীগের ১৫ আগস্টের শোক দিবসের পোস্টার লাগানোর অভিযোগ সহ সরকারবিরোধী নানা অপতৎপরতার অভিযোগে মোঃ জিয়া উদ্দীন তৌহিদ (৬৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার ৮ নং সমুদয়কাঠি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড শর্শিদ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিয়া উদ্দীন তৌহিদ স্থানীয় ওয়ারেজ উদ্দীন তালুকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার অন্য কোথাও ১৫ আগস্টের শোক দিবসের পোস্টার দেখা না গেলেও সমুদয়কাঠি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে এসব পোস্টার দেখা গেছে।
পোস্টারে লেখা রয়েছে ‘১৫ই আগস্ট জাতীয় শোক দিবস, কাঁদো বাঙালি কাঁদো।’ এতে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। পোস্টারে ঢাকা দক্ষিণ শ্যামপুর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদধারী সাগর মন্ডলের ছবি রয়েছে। তাঁর ওপরে সমুদয়কাঠি ইউনিয়নের বাসিন্দা মোঃ জিয়া উদ্দীন তৌহিদের ছবিও দেখা যায়।
উল্লেখ্য, জিয়া উদ্দীন তৌহিদ আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং একজন রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক নেতা।
পৃথক অভিযান চালিয়ে শুক্রবার (১৪ আগষ্ট) রাতে উপজেলার ৮নং সমুদয়কাঠি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড শেহাংগল থেকে মোঃ সাব্বির তালুকদার (২৪) কে আটক করা হয়।
গ্রেফতারকৃত মোঃ সাব্বির তালুকদার (২৪) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ৮ নং সমুদয়কাঠি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক। তিনি ঐ এলাকার মৃত বেলায়েত হোসেন তালুকদারের ছেলে। পুলিশ জানায়, সাব্বির একটি রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। সম্প্রতি তিনি নিজ বাড়িতে ফিরেছেন এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষেধাজ্ঞা সত্ত্বেও তা অমান্য করে দলটির রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, শোক দিবসের পোস্টার লাগানো সহ সরকারবিরোধী কার্যক্রমের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.