
মোঃ দেলোয়ার হোসেন শিমুল,
নওগাঁ ,জেলা প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে পরকীয়ার অভিযোগ তুলে মব সৃষ্টি করে এক নারী ও তার স্বামীকে হয়রানি, মারধর, শ্লীলতাহানি ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টায় নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আমিনুল ইসলাম ও তার স্ত্রী তানজিমা খাতুন।
লিখিত বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, গত ১৪ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে তার বন্ধু মামুনুর রশিদ দাওয়াত খেতে তাদের বাড়িতে আসেন। তিনি ঘরে বসে আমিনুল ইসলামের স্ত্রী তানজিমা খাতুনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় প্রতিবেশী লিটন, মাসুদ রানা, হাফিজুর রহমান, শামীম, রায়হান ও গোলাম রাব্বানী জোরপূর্বক তাদের বাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগ করেন তিনি।
আমিনুল ইসলামের অভিযোগ, ওই ব্যক্তিরা মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং তার স্ত্রীকে শ্লীলতাহানি করেন। একপর্যায়ে তার বন্ধু ও স্ত্রীকে বেঁধে রেখে মারধর ও নির্যাতন করা হয়। পরকীয়ার অভিযোগ তুলে এভাবে মব সৃষ্টি করে হয়রানি করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
আমিনুল ইসলাম বলেন, “আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
ভুক্তভোগী তানজিমা খাতুন বলেন, “আমার বাড়িতে ১৫ বছরের ছেলে সন্তান রয়েছে। আমার স্বামীর বন্ধু বাড়িতে এলে তাকে ঘরে বসতে দিয়ে কথোপকথন করছিলাম। এ সময় কয়েকজন প্রতিবেশী জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে ভিডিও ধারণ ও মারধর করেন। তারা মব সৃষ্টি করে আমার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন।”
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর থেকে তাদের গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, “থানায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.