
সুমন খান:
রাজধানীর মিরপুর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে দালালচক্রের বিরুদ্ধে ফের কঠোর অভিযান পরিচালনা করেছে মোবাইল কোর্ট। গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) মোবাইল কোর্ট আদালত-৬-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দালালির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে হাতেনাতে আটক করা হয়।অভিযান শেষে আটক ব্যক্তিদের মধ্যে ৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং অপর ৩ জনকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের বিভিন্ন কাজ দ্রুত করে দেওয়ার কথা বলে দালালি ও অবৈধভাবে অর্থ আদায়ের তৎপরতার বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার মিরপুর বিআরটিএ কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে আটক ব্যক্তিদের,মধ্যে,রুবেল (৩২)-কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড,মো. সাজ্জাদ হোসেন (৪৪)-কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবংশাহজাহান (৬৫)-কে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া আটক অপর তিনজনকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
দালালবিরোধী অভিযানে ধারাবাহিকতা
মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য ঠেকাতে সাম্প্রতিক সময়েও একাধিক অভিযান পরিচালিত হয়েছে। এর আগে বিভিন্ন অভিযানে দালালচক্রের সদস্যদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের সরাসরি সরকারি সেবা গ্রহণের সুযোগ নিশ্চিত করা এবং দালালদের মাধ্যমে হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বন্ধ করতেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্টদের মতে, শুধু অভিযান চালিয়ে দালাল আটক নয়, দালালচক্রের সঙ্গে কারা জড়িত, তারা কীভাবে সেবাগ্রহীতাদের টার্গেট করে এবং সরকারি সেবা পাইয়ে দেওয়ার নামে কীভাবে অর্থ আদায় করে,এসব বিষয়েও নজরদারি বাড়ানো প্রয়োজন।
এদিকে বিআরটিএর কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত তৎপরতা অব্যাহত থাকলে মিরপুর বিআরটিএকে আরও কার্যকরভাবে দালালমুক্ত করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।অভিযান সংশ্লিষ্টদের ভাষ্য, সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষকে কোনো ধরনের দালাল বা মধ্যস্বত্বভোগীর আশ্রয় না নিয়ে সরাসরি নির্ধারিত প্রক্রিয়ায় সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.