
মনিরুজ্জামান মিলন পাটোয়ারী, নীলফামারী
নীলফামারীর জলঢাকায় গভীর রাতে পাশাপাশি তিনটি জুয়েলারি দোকানের টিনের চাল কেটে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোররাতে পৌর শহরের ডালিয়া রোডে কৃষি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। চোরেরা টিনের চাল কেটে দোকানে প্রবেশ করে স্বর্ণালংকার, রূপা ও নগদ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক ও কর্মচারীরা। চুরির শিকার দোকানগুলো হলো, শিব শঙ্কর জুয়েলার্স, পল্লবী জুয়েলার্স ও বৈশাখী জুয়েলার্স। শিব শঙ্কর জুয়েলার্সের প্রোপ্রাইটর শ্রী দীপু চন্দ্র রায় বলেন, সকালে আমকে একজন ফোন দিয়ে বলেন তোমার দোকান চুরি হয়েছে পরে এসে দোকান খুলে ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান সবকিছু এলোমেলো অবস্থায় রয়েছে। পরে ওপরে তাকিয়ে দেখেন দোকানের টিনের চাল কাটা। সেখানে একটি টিন কাটার কাঁচিও পড়ে থাকতে দেখা যায়। বাইরে এসে দেখেন পাশের আরও দুটি জুয়েলারি দোকানের টিনের চালও একইভাবে কাটা হয়েছে। তিনি জানান, তার দোকান থেকে প্রায় ৬ লাখ টাকার স্বর্ণালংকার এবং ড্রয়ারে থাকা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা চুরি হয়েছে। এতে তার মোট ক্ষতির পরিমাণ প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা। বৈশাখী জুয়েলার্সের কর্মচারী রিপন জানান, তার ব্যক্তিগত ড্রয়ারে রাখা পাইকারি ও খুচরা মূল্যে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের স্বর্ণ ও রূপা চুরি হয়েছে। দোকানের প্রোপ্রাইটর বৈশাখ চন্দ্র রায় মুঠোফোনে জানান, তার দোকান থেকে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা নগদসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। অন্যদিকে পল্লবী জুয়েলার্সের প্রোপ্রাইটর শ্রী পরিমল চন্দ্র রায় বলেন, তার দোকান থেকেও প্রায় ১ লাখ টাকা চুরি হয়েছে। একই রাতে পাশাপাশি তিনটি জুয়েলারি দোকানের টিনের চাল কেটে চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ব্যবসায়ীদের ধারণা, চোরেরা পূর্বপরিকল্পিত ভাবে দোকানগুলোকে টার্গেট করে এ ঘটনা ঘটিয়েছে। একই কায়দায় তিনটি দোকানে প্রবেশের ঘটনায় রাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। দোকান মালিকরা চুরির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি চুরি যাওয়া স্বর্ণালংকার, রূপা ও নগদ টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন। দোকান মালিক ও কর্মচারীদের দেওয়া তথ্য অনুযায়ী, তিনটি দোকানে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ ৬০ হাজার টাকা তবে তদন্ত ও হিসাব-নিকাশের পর প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করছেন বলে জানা গেছে। একসঙ্গে তিনটি জুয়েলারি দোকানে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.