
মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের আড়পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মনোহরপুর গ্রামের ইকলাছুর রহমানের ছেলে তাজিম হোসেন (২৬), শহরের আড়পাড়া নদীপাড় এলাকার রিপন মিয়ার ছেলে রিফাত মিয়া (২৫) এবং একই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে রমজান আলী (৩৮)।
পুলিশ জানায়, শুক্রবার ভোরে আড়পাড়া এলাকায় কয়েকজন মিছিল করে সরকারবিরোধী স্লোগান দিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, তাজিম হোসেন চাপরাইল কলেজ ছাত্রলীগের সহসভাপতি এবং রিফাত মিয়া কালীগঞ্জ পৌর ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। রমজান আলী সাবেক ছাত্রলীগ কর্মী।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.