
মোঃ দেলোয়ার হোসেন শিমুল,
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ১ নম্বর হাজিনগর ইউনিয়নের শিবপুর-বন্ধুপাড়া আঞ্চলিক সড়কের খানাখন্দ সংস্কার করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে উদ্যোগ নিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রোজিনা বেগম। তিনি নিজস্ব অর্থায়নে সড়কটির সংস্কারকাজ সম্পন্ন করেন।
সোমবার (৩১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত শিবপুর-বন্ধুপাড়া আঞ্চলিক সড়কের বিভিন্ন অংশে সংস্কারকাজ পরিচালনা করা হয়। সংস্কারকাজ শেষে শিবপুর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন চেয়ারম্যান পদপ্রার্থী রোজিনা বেগম।
স্থানীয় বাসিন্দারা জানান, শিবপুর থেকে বন্ধুপাড়া বাজার পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে ছিল। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় স্বাভাবিকভাবে চলাচলে ভোগান্তিতে পড়তে হতো এলাকাবাসীকে। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলোতে পানি ও কাদা জমে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি, রোগী ও সাধারণ পথচারীদের দুর্ভোগ পোহাতে হতো।
স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি সড়কটির দুরবস্থার বিষয়টি রোজিনা বেগমকে জানালে তিনি এলাকাবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেন। কোনো প্রাতিষ্ঠানিক বরাদ্দের অপেক্ষা না করে নিজের অর্থায়নে সড়কের খানাখন্দ সংস্কার করায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
রোজিনা বেগম বলেন, “মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার মানুষের দুর্ভোগ লাঘব করাকে আমি দায়িত্ব ও কর্তব্য মনে করি। মানুষের ছোট্ট একটি উপকার করতেও আমি আনন্দ পাই। এলাকার মানুষের সমস্যা জানতে পারলে সাধ্য অনুযায়ী তা সমাধানের চেষ্টা করি।”
তিনি আরও বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এলাকাবাসীর ভালোবাসা, দোয়া ও সহযোগিতা নিয়ে হাজিনগর ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই। চেয়ারম্যান নির্বাচিত হলে শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের উন্নয়নসহ একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সেবামুখী ও আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।”
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.