
মোঃ সুজন আহমেদ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RUET)-এ অনুষ্ঠিত আইসিটি অলিম্পিয়াডে অসাধারণ সাফল্য অর্জন করেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সরকারি আকবর আলী কলেজ। প্রতিযোগিতায় কলেজটির দুই শিক্ষার্থী একজন যুগ্ম চ্যাম্পিয়ন এবং অপরজন যুগ্ম ১ম রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছেন।
গত ২৬ আগস্ট ২০২৬ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (RUET) ক্যাম্পাসে মর্যাদাপূর্ণ এ আইসিটি অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী কলেজ, বগুড়া ক্যান্টনমেন্ট কলেজসহ রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্বনামধন্য কলেজের মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
তীব্র প্রতিযোগিতাপূর্ণ এ আয়োজনে সরকারি আকবর আলী কলেজের মোছা. আয়েশা সিদ্দিকা যুগ্মভাবে চ্যাম্পিয়ন এবং রোজা মনি যুগ্মভাবে ১ম রানারআপ হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
এদিকে শিক্ষার্থীদের এ অসাধারণ অর্জনে সরকারি আকবর আলী কলেজে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আলম কৃতী দুই শিক্ষার্থী মোছা. আয়েশা সিদ্দিকা ও রোজা মনির হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাদের অভিনন্দন জানান। এ সময় তিনি শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও বড় অর্জনের জন্য উৎসাহিত করেন।
প্রতিযোগিতায় যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের মোহা. নয়ন আলী। এছাড়া যুগ্ম ১ম রানারআপ হয়েছেন রাজশাহী বহুমুখী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ফারিয়া আলম। ২য় রানারআপ হয়েছেন সরকারি নওহাটা কলেজের আজাদ রহমান।
সরকারি আকবর আলী কলেজের দুই শিক্ষার্থীর এ সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। কলেজ সংশ্লিষ্টরা মনে করছেন, এ অর্জন শুধু দুটি পুরস্কার নয়; বরং শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায়, প্রযুক্তিজ্ঞান ও সৃজনশীলতার উজ্জ্বল স্বীকৃতি।
কলেজের শিক্ষার্থীদের এমন সাফল্য ভবিষ্যতে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিচর্চায় অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। একই সঙ্গে এ অর্জন সরকারি আকবর আলী কলেজের শিক্ষা ও মেধাবিকাশের অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করেছে।
কৃতী শিক্ষার্থী মোছা. আয়েশা সিদ্দিকা ও রোজা মনির ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন সরকারি আকবর আলী কলেজ পরিবারের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.