
মোঃসুজন আহমেদ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অধীন যাত্রা শিল্পী সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক নির্বাচিত হয়েছেন উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুর গ্রামের কৃতি সন্তান মোঃ ফজলুল হক।
তিনি বাঙ্গালা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। পাশাপাশি আসন্ন স্থানীয় নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হিসেবে জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
ফজলুল হক দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। যাত্রাশিল্প ও লোকজ সংস্কৃতির প্রসার, শিল্পীদের স্বার্থ সংরক্ষণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে তিনি কাজ করবেন বলে জানা গেছে।
নতুন দায়িত্ব প্রসঙ্গে মোঃ ফজলুল হক বলেন, “সিরাজগঞ্জ জেলা যাত্রা শিল্পী সমিতির আহ্বায়ক হিসেবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব। যাত্রাশিল্প আমাদের দেশের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই শিল্পের সঙ্গে জড়িত শিল্পীদের পাশে দাঁড়ানো এবং হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই হবে আমার অন্যতম লক্ষ্য। এ দায়িত্ব পালনে সকল শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।”
সিরাজগঞ্জ জেলা যাত্রা শিল্পী সমিতির আহ্বায়ক নির্বাচিত হওয়ায় বিনায়েকপুরসহ বাঙ্গালা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, ফজলুল হকের নেতৃত্বে জেলার যাত্রাশিল্প ও লোকজ সংস্কৃতির চর্চা আরও বেগবান হবে এবং নতুন প্রজন্মের শিল্পীরা সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত হবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.