
এ.কে পলাশ
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ২ হাজার ৩৫০ পিস ভারতীয় বাজি ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় পলাতক আসামি, চুরি মামলার আসামি, জিআর সাজা ও পরোয়ানাভুক্ত আসামি এবং সামারি ট্রায়ালের আসামিসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশ পৃথক এসব অভিযান পরিচালনা করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে এবং বিভিন্ন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে অভিযানগুলো পরিচালিত হয়।
পুলিশ জানায়, ২০ সেপ্টেম্বর বিশেষ অভিযান চালিয়ে তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. কাউছার প্রকাশ কাউসার মাহমুদকে (২৬) গ্রেপ্তার করা হয়। তিনি বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার আসামি।
একই দিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে শশীদল রেলস্টেশনসংলগ্ন তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ২ হাজার ৩৫০ পিস ভারতীয় বাজি ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. মোরশেদ মিয়া (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া ২১ সেপ্টেম্বর ব্রাহ্মণপাড়া থানার একটি চুরি মামলায় তদন্তে পাওয়া পলাতক আসামি মো. সোহেল প্রকাশ মো. সুয়েলকে (৩২) গ্রেপ্তার করা হয়। পৃথক অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত মো. মেহেদী হাসান সবুজ (৩০) এবং জিআর পরোয়ানাভুক্ত মো. সারোয়ার (৩৬) ও রুপালী আক্তারকে (২৫) গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, একই দিনে মাদক সেবনের অভিযোগে ১০ জনকে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে। তারা হলেন—মো. রেজাউল (২২), শিপন (২৪), সাব্বির হাসান (২৪), আব্দুল করিম (২৫), মো. শাকিল (২২), মো. সাগর (২৪), মো. সাইফুল (১৮), মো. শাকিব (৩৩), মো. লিটন (৩৩) ও মো. মেহেদী হাসান রানা (২৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, পৃথক অভিযানে গ্রেপ্তার হওয়া ১৬ জনকে আইনগত প্রক্রিয়া শেষে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.