
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
নওগাঁর পোরশায় ১১৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাটাপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—পোরশা উপজেলার পশ্চিম হরিপুর গ্রামের আতাউর ইসলামের ছেলে মো. মারুফ হোসেন (২২) এবং সাপাহার উপজেলার কালাইবাড়ী গ্রামের তরিকুল ইসলামের ছেলে মো. জাহিদুল ইসলাম।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসির নির্দেশনায় নিতপুর বিওপি কমান্ডার সুবেদার মো. আব্দুল জাব্বারের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে কাটাপুকুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে ১১৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়েরের পর উদ্ধার করা মাদকসহ তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, মাদক ও গরু পাচারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.