
পাবনা ,নিজস্ব প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে ভোট না দেওয়ার বিরোধের জেরে দুধবাহী পিকআপে হামলা, দুধ নষ্ট ও গাড়ি ভাঙচুরের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুধ ব্যবসার সঙ্গে জড়িত নিজাম উদ্দিন নীরব।
দুধ ম্যানেজার আবুল কালাম আজাদের দাবি, ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচনে একটি নির্দিষ্ট প্রার্থীকে ভোট না দেওয়াকে কেন্দ্র করে তার পরিবারের ওপর ক্ষোভ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় গত ১৯ সেপ্টেম্বর রাতে তার ছেলে নিজাম উদ্দিন নীরব ১ হাজার ২৬৮ লিটার দুধ নিয়ে পিকআপযোগে একটি মিলে যাওয়ার পথে ভাঙ্গুড়ার ভবানীপুর এলাকায় পথরোধের শিকার হন।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, এ সময় তাকে মারধর করা হয়। পিকআপে থাকা দুধ ফেলে দেওয়া, দুধের ড্রাম কেটে দেওয়া এবং পিকআপে ভাঙচুর চালানোরও অভিযোগ করা হয়েছে। স্থানীয় বাজারদর অনুযায়ী নষ্ট হওয়া দুধের আনুমানিক মূল্য ৭৬ হাজার টাকা বলে জানা যায়।
চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যায় । পরে আহত নিজাম উদ্দিন নীরবকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
তবে ঘটনাটি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন—একটি রাজনৈতিক কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে ভোট দেওয়া-না দেওয়ার বিরোধ কি সত্যিই দুধবাহী একটি গাড়ি থামিয়ে হামলা ও বিপুল পরিমাণ দুধ নষ্ট করার পর্যায়ে গড়িয়েছে? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বিরোধ বা কারণ?
তদন্তে মিলবে প্রকৃত সত্য
এ ঘটনায় কারা জড়িত, হামলার প্রকৃত কারণ কী এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত—এসব বিষয়ে এখনো তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য পাওয়া যাবে ।ফলে সত্যতা যাচাই এবং প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের ফোন বন্ধ পাওয়া যায়।
ঘটনাটি রাজনৈতিক বিরোধের সঙ্গে সম্পৃক্ত কি না, হামলার অভিযোগের পেছনে প্রকৃত কারণ কী এবং দুধ ও গাড়ির ক্ষয়ক্ষতির বিষয়ে আইনগতভাবে কী পদক্ষেপ নেওয়া হয়েছে—এসব প্রশ্নের উত্তর এখন তদন্তের ওপরই নির্ভর করছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.