
মোঃ দেলোয়ার হোসেন শিমুল
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে হাপানিয়া কে.এম ফাজিল মাদ্রাসায় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রতিবাদ ও পুনঃনিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় মাদ্রাসার সামনে হাপানিয়া গ্রামবাসী ও সচেতন নাগরিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চাকরিপ্রত্যাশী, স্থানীয় গ্রামবাসী ও সচেতন নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন শফিকুল ইসলাম, ইসমাইল হোসেন, চাকরিপ্রত্যাশী আব্দুল কাইয়ুম ও সানাউল ইসলাম। এ সময় বক্তারা সম্প্রতি মাদ্রাসাটিতে অনুষ্ঠিত নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন বিষয়ে অনিয়মের অভিযোগ তুলে ধরেন এবং এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি অনুষ্ঠিত নিয়োগ প্রক্রিয়ায় অবৈধ অর্থ লেনদেন, স্বজনপ্রীতি ও বিভিন্ন ধরনের অনিয়ম হয়েছে। তাদের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় প্রকৃত যোগ্য প্রার্থীদের সুযোগ নিশ্চিত করা হয়নি। এ কারণে পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে চাকরিপ্রত্যাশী ও স্থানীয়দের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, নিয়োগ প্রক্রিয়ায় উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে মাদ্রাসার অধ্যক্ষ আলাউদ্দীন শিরাজীর পদত্যাগের দাবি জানান তারা।
একই সঙ্গে অভিযোগগুলোর যথাযথ তদন্তের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট নিয়োগ বাতিল করে স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে ওই পদগুলোতে পুনঃনিয়োগ দেওয়ার জোর দাবি জানান বক্তারা।
তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, যোগ্যতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়ে থাকলে তা তদন্তের মাধ্যমে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মানববন্ধনে উপস্থিত চাকরিপ্রত্যাশী, গ্রামবাসী ও সচেতন নাগরিকরা মাদ্রাসার নিয়োগ প্রক্রিয়ায় উত্থাপিত অভিযোগের দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.