মোঃ দেলোয়ার হোসেন শিমুল,
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে অবৈধ ও অনিবন্ধিত সংবাদমাধ্যম, যত্রতত্র ভূঁইফোড় সংগঠনের নামে অপ-সাংবাদিকতা, মিথ্যা প্রচারণা এবং সাংবাদিকতার পরিচয়ে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নিয়ামতপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাব ও নিয়ামতপুর প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
নিয়ামতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহ-সভাপতি আলমগীর কবির, সদস্য শাহান সা, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাজাহান সাজু, সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন শেখ এবং নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আজিজুল হক।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, কিছু ব্যক্তি অল্প টাকা খরচ করে গলায় সাংবাদিক পরিচয়ের কার্ড ঝুলিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। তাদের দাবি, মাস শেষে এসব কথিত সাংবাদিকের কোনো সংবাদ কার্যক্রম বা নিয়মিত সংবাদ প্রকাশের কার্যক্রম খুঁজে পাওয়া যায় না। অথচ সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে।
বক্তারা আরও বলেন, বর্তমানে কেউ কেউ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল খুলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে সংবাদ তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রচার করছেন। যাচাই-বাছাই ও তথ্যের সত্যতা নিশ্চিত না করেই এ ধরনের সংবাদ প্রকাশ ও প্রচারের ফলে প্রকৃত সাংবাদিকতা প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে তারা দাবি করেন।
তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের সামনে তুলে ধরাই সাংবাদিকদের মূল দায়িত্ব। কিন্তু সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যদি ব্যক্তিগত স্বার্থ হাসিল, মিথ্যা প্রচারণা কিংবা চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন, তাহলে এর দায় প্রকৃত পেশাদার সাংবাদিকদের ওপরও এসে পড়ে।
বক্তারা আরও বলেন, ‘৫০০ টাকা দিয়ে গলায় কার্ড ঝুলিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি—এটাই যেন কারও কারও পেশা হয়ে দাঁড়িয়েছে। মাস শেষে তাদের কোনো নিউজ খুঁজে পাওয়া যায় না। আবার কেউ কেউ ফেসবুক পেজ ও ইউটিউব খুলে এআইয়ের সাহায্যে নিউজ লিখে আপলোড দিয়ে নিজেকে বড় মাপের সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন।’
এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামার কথা উল্লেখ করে বক্তারা বলেন, সাংবাদিকতার নামে অপ-সাংবাদিকতা, মিথ্যা প্রচারণা ও চাঁদাবাজি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, কোথাও কেউ সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হলে বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর প্রয়োজন রয়েছে। সাংবাদিক পরিচয় যাচাই না করে কাউকে কোনো ধরনের সুযোগ না দেওয়ার জন্যও সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক শাহ জামাল, দপ্তর সম্পাদক শাকিল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান ইসলাম, সদস্য মেহেদী হাসান ও আব্দুল্লাহ আল মামুন। এছাড়া নিয়ামতপুর প্রেসক্লাবের সহ-সম্পাদক তৌবুর রহমান, সদস্য রকিবুল হাসান, জাকির হোসেনসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া সাংবাদিকরা অপ-সাংবাদিকতা, মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা এবং সাংবাদিকতার পরিচয়ে চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকতার মর্যাদা ও পেশাদারিত্ব বজায় রাখতে প্রকৃত সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.