
বাবলু শেখ রাজবাড়ী ঃ
রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ওএসডি করার পর ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানকে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালীতে সংযুক্ত করা হয়েছে।
একই সঙ্গে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদকে নিজ দায়িত্বের পাশাপাশি রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের অতিরিক্ত দায়িত্ব পালনের আদেশ দেওয়া হয়।
ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানের বিরুদ্ধে রাজবাড়ী সদর হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে। এছাড়া সম্প্রতি রাজবাড়ীর আরোগ্য ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের সময় এক নারী অসুস্থ হয়ে পড়েন। পরে ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হলে এ নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।
ওএসডি করার বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ আব্দুল হান্নানের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হান্নান এর কক্ষে গিয়ে তাকে পাওয়া যায়নি ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.