
সাতক্ষীরা প্রতিনিধি:
শাহেদ আহমেদ
সাতক্ষীরায় চায়ের দোকানে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণিসম্পদ হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া খান সাতক্ষীরা শহরের ব্যবসায়ী ও ‘রুচিরা বেকারি’র মালিক আব্দুল গফুরের ছেলে। তিনি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন জাকারিয়া। এ সময় দোকানে থাকা এক ব্যক্তির সঙ্গে দোকানির কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে গড়ালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ সময় জাকারিয়া বিরোধ থামাতে এগিয়ে গেলে ওই ব্যক্তি ধারালো ছুরি দিয়ে তার বুক ও পেটে একাধিক আঘাত করেন। পরে হামলাকারী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ছুরিকাঘাতে গুরুতর আহত জাকারিয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।
জাকারিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) মো. শহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে আশপাশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে।
তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দ্রুত সময়ের মধ্যে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.