
মোঃ সুজন আহমেদ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুপিল ইউনিয়নে সড়কের দুই পাশে ২০০টি সুপারি গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন ধুবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ। পরিবেশের ভারসাম্য রক্ষা, সড়কের সৌন্দর্য বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে তিনি এ উদ্যোগ গ্রহণ করেন।
জানা যায়, ধুবিল ইউনিয়নের খারিজা ঘুঘাট থেকে কুমার মাঠের মধ্য দিয়ে বয়ে যাওয়া খারিজা ঘুঘাট পশ্চিমপাড়া পাকা সড়কের সংযোগস্থল পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে ২০০টি সুপারি গাছ রোপণ করা হয়েছে।
এ উদ্যোগের ফলে সড়কটি যেমন দৃষ্টিনন্দন হয়ে উঠেছে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের দুই পাশে সুপারি গাছ লাগানোর উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হলে ভবিষ্যতে এসব গাছ থেকে ফল পাওয়ার পাশাপাশি এলাকার সৌন্দর্যও আরও বৃদ্ধি পাবে।
প্যানেল চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ বলেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সড়কের দুই পাশে সুপারি গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের জন্য গাছগুলোর নিয়মিত পরিচর্যা করা হবে।
এ ধরনের সবুজায়ন প্রকল্প স্থানীয় পর্যায়ে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল। তাঁদের মতে, ব্যক্তিগত উদ্যোগ ও সামাজিক সচেতনতার মাধ্যমে এ ধরনের কার্যক্রম ছড়িয়ে পড়লে গ্রামীণ সড়কগুলো আরও সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব হয়ে উঠবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.