
সুমন পালঃ
নরসিংদীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশেষ অভিযানে প্রায় ১২ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় আনুমানিক গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। জানাযায়, নরসিংদী সদর উপজেলাধীন হাজিপুর ইউনিয়নের হাজিপুর গ্রামে রাস্তার পাশে জঙ্গলের ভেতর অবৈধভাবে দেশীয় চোলাই মদ মজুদ করে রাখা হয়েছিল। বিষয়টি নরসিংদী জেলা কমান্ড্যান্টকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে অভিযানের অনুমতি প্রদান করেন। পরবর্তীতে নরসিংদী সদর উপজেলা প্রশিক্ষক আব্দুল ওহাব এর নেতৃত্বে ব্যাটালিয়ন আনসার ও আনসার বাহিনীর একটি প্রতিনিধি দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে ছিলেন ব্যাটালিয়ন আনসারের নায়েক মো: মাসুদ খান, ল্যান্স নায়েক মো: ইউনুছ আলী, সিপাহি মো: আবু তাহের, সিপাহি মো: ইমামুল হক এবং উপজেলা কোম্পানি আনসার কমান্ডার মো: নুরুল ইসলাম কবির।
অভিযানকালে ঝোপঝাড়ের ভেতর থেকে আনুমানিক ১২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদ পরবর্তীতে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে নরসিংদী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মাদকের বিরুদ্ধে সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করে আসছে এবং এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.