
মোঃ আব্দুল আজিজ শেখ, নওগাঁঃ
নওগাঁয় জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং অপরাধ দমনে পুলিশের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জেলার বিভিন্ন থানায় চলমান মামলার তদন্ত ও নিষ্পত্তির অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে গ্রেফতারি পরোয়ানা দ্রুত তামিল এবং অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে পুলিশকে আরও দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করতে হবে। মামলার তদন্তের গুণগত মান বাড়ানোর পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি জনগণকে দ্রুত ও কাঙ্ক্ষিত পুলিশি সেবা নিশ্চিত করতে সকল ইউনিট ও থানার কর্মকর্তাদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
সভায় নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা পুলিশের বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বপূর্ণ কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মাঝে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
এ সময় তিনি কৃতিত্বপূর্ণ কর্মসম্পাদনের জন্য পুলিশ সদস্যদের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.