নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের বাহুবলে পানিতে ডুবে মারা গেছে জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীল। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
দ্বীপ বাহুবল উপজেলার নারিকেলতলা গ্রামের বাসিন্দা বিজয় শীলের ছেলে। মাত্র ৩ বছর ৩ মাস বয়সী শিশুটির আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাজুড়ে।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে দ্বীপকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর ২টা ৩৫ মিনিটে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ পাওয়া যায়।
দ্বীপের কাকা বিপ্লব শীল নিউ ভিশন কেজি অ্যান্ড হাইস্কুলের সহকারী শিক্ষক। পাশাপাশি তিনি একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর। কয়েক মাস ধরে কাকার সঙ্গে বিভিন্ন সৃজনশীল ভিডিওতে অংশ নিচ্ছিল দ্বীপ। এসব ভিডিওর মাধ্যমে অল্প সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি ও জনপ্রিয়তা পায় শিশুটি।
এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার দেশের একটি গণমাধ্যমকে বলেন, পানিতে ডুবে দ্বীপ শীল নামে এক তিন বছর বয়সী কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। পরে পারিবারিকভাবে ওই শিশুর শেষকৃত্য সম্পন্ন হয়।
দ্বীপের অকালমৃত্যুর খবর তার কাকা বিপ্লব শীলও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে শেয়ার করেন। খবরটি ছড়িয়ে পড়ার পর সেখানে শোক প্রকাশ করেন অসংখ্য মানুষ। ছোট্ট দ্বীপের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি ও ভালোবাসার কথা জানিয়ে মন্তব্য করেন অনেকে
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.