
ত্রিশাল (ময়মনসিংহ)
প্রতিনিধি:ইকবাল হোসেন
ময়মনসিংহের ত্রিশালে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
শুক্রবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচিত হলো এবারের দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। চলতি বছর ত্রিশাল উপজেলার মোট ৭৩টি পূজামণ্ডপে জমকালো আয়োজনে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে।
আজ দুর্গাষষ্ঠীর সকালে দেবী দুর্গার ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজার মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ এই উৎসবের সূচনা ঘটে। পঞ্জিকা মতে, সকালে নির্ধারিত সময়ে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হয়।
আগামী বিজয়া দশমী পর্যন্ত টানা ছ'দিন ঢাকঢোল, কাঁসর-ঘণ্টা আর উলুধ্বনিতে মুখরিত থাকবে উপজেলার প্রতিটি পূজামণ্ডপ। উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষের মাঝে। পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নিতে চলছে জোর প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের পদচারণা ও উপস্থিতিতে এখন থেকেই বইছে উৎসবের হাওয়া।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শ্বশুরবাড়ি কৈলাস ছেড়ে কন্যারূপে দেবী দুর্গা প্রতিবছর মর্ত্যলোকে বাপের বাড়িতে আগমন করেন। সনাতন পুরাণ মতে, অশুভ ও অসুরশক্তির কাছে দেবতারা পরাভূত হয়ে স্বর্গচ্যুত হলে তাদের সম্মিলিত তেজরশ্মি থেকে আবির্ভূত হন অশুভবিনাশী দেবী দুর্গা। সেই শাশ্বত বিশ্বাস ও ধর্মীয় আচার-অনুষ্ঠানকে কেন্দ্র করেই আবহমানকাল ধরে উদযাপিত হয়ে আসছে এই দুর্গোৎসব।
প্রচলিত পঞ্জিকা অনুযায়ী, এবার দেবী দুর্গার আগমন ঘটছে ঘোটকে (ঘোড়ায়) এবং তিনি বিদায় নেবেন নৌকায় চড়ে।
দুর্গাপূজার বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে আগামী ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব।
এদিকে, ত্রিশালে সম্পূর্ণ শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সার্বিক নিরাপত্তা ও উৎসবের আমেজে পুরো ত্রিশাল উপজেলায় এখন বিরাজ করছে এক অনন্য ধর্মীয় ও সম্প্রীতির আবহ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.