
মনিরুজ্জামান মিলন পাটোয়ারী, নীলফামারী
নীলফামারীর জলঢাকায় সড়ক পারাপারের সময় মানুষ ও গবাদিপশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেছে একটি চলন্ত ট্রাক। এতে ট্রাকটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ৭ থেকে ৮ জন মানুষ এবং ১টি ছাগল। গত ২১ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের শালনগ্রাম সাইন লালা বড়াই বাগানের সামনে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকচালক রাব্বী হোসেন জানান,আমি বগুড়া-ট ১১-০৭৯৯ নাম্বারের একটি ফাঁকা ট্রাক নিয়ে জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের কালীগঞ্জ বাজারে বালু আনলোড করার উদ্দেশ্যে যাচ্ছিলাম। পথে শালনগ্রাম সাইন লালা বড়াই বাগানের সামনে পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা যাত্রীদের পাশাপাশি এক জন মহিলা ছাগল নিয়ে রাস্তা মাঝখানে এসে দিশাহারা হয়ে পরেন কোন দিকে যাবেন। এ সময় চলন্ত ট্রাকটি নিয়ন্ত্রণে রাখতে তাকে বেশ বেগ পেতে হয়। একপর্যায়ে মহিলা ও গবাদিপশুর প্রাণ বাঁচাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়কের ডানপাশের খাদে পড়ে যায়। চালক রাব্বী হোসেন আরও বলেন, ট্রাকটি খাদে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমি মানুষ ও গবাদিপশুর প্রাণ রক্ষা করতে পেরেছি—এটাই আমার কাছে সবচেয়ে বড় স্বস্তির বিষয়। যদিও গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরও মানুষের জীবন বাঁচাতে পেরেছি এবং হেলপার সহ আমাদের কোন মর্মান্তিক ঘটনা ঘটে নাই বলে ভালো লাগছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী মর্জিনা বেগম বলেন, চালকের দক্ষতা ও তাৎক্ষণিক সিদ্ধান্তের কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ৭ থেকে ৮ জন মানুষ। একই সঙ্গে প্রাণে বেঁচেছে ১ টি ছাগল। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত ট্রাকটি নিয়ে চালক রাব্বী হোসেন দুশ্চিন্তায় পড়েছেন। তবে সম্ভাব্য বড় ধরনের প্রাণহানি এড়ানো যাওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি বিরাজ করছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.