এ.কে পলাশ কুমিল্লা
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩৯ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার ভোরে উপজেলার সোনাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর নামক স্থান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দ করা শাড়ির মূল্য ৩৮ লাখ ৮৭ হাজার টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ আজ শনিবার দুপুরে এ তথ্য জানান।
তিনি জানান, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আমানগন্ডা বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।
জব্দ করা শাড়িগুলো বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে বলে বিজিবি জানিয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.