
নিজস্ব প্রতিবেদক:
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
শনিবার (২৪ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ চকপাড়া বিওপির একটি বিশেষ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চকপাড়া বিওপির টহল দলটি সীমান্ত পিলার ১৮২/৭-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামের একটি পাকা রাস্তায় অবস্থান নেয়। এ সময় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৬ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় 'Fairdyl' সিরাপ এবং ৪৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন (Buprenorphine 2 ml) উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৯১ হাজার ৪০০ টাকা।
উদ্ধারকৃত মাদকের ব্যাপারে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক জানান, "দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ মাদক প্রবেশ প্রতিরোধে বিজিবি’র এ ধরনের কঠোর আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.