
মনজু বিজয় চৌধুরী,
মৌলভীবাজার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৪০ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) রাতে শ্রীমঙ্গল উপজেলার রাজাপুর কাকিয়াবাজার এলাকায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত বিশেষ অভিযানে এসব সিগারেট উদ্ধার করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪৬ বিজিবির বিশেষ টহল দল ও এসআরবির সদস্যদের সমন্বয়ে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২০ হাজার ৪৩০ প্যাকেট আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা সিগারেটের সর্বমোট জব্দমূল্য ৪০ লাখ ৮৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে আরও জানা যায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) মৌলভীবাজার জেলার কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকায় প্রায় ১১৫ কিলোমিটার সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকদ্রব্য, অবৈধ পণ্য ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় চোরাচালানবিরোধী এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.