
মো: আরিফুল ইসলাম
পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারের একটি কীটনাশকের দোকান জাকিয়া এন্টারপ্রাইজ থেকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক কিনে জমিতে ব্যবহার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন মো. আশরাফ আলী নামের এক কৃষক। তিনি উপজেলার বেতুয়ান পশ্চিমপাড়া মোঃ সোরাপ প্ররামানিকে এর ছেলে বেতুয়ান গ্রামের বাসিন্দা। কীটনাশকের সংস্পর্শে এসে তাঁর হাতের কয়েকটি আঙুলে সংক্রমণ ছড়িয়ে পড়লে চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয় দীর্ঘ তিন মাস যাবত চিকিৎসা নেওয়ার পরেও হাতের আঙ্গুল গুলো ঠিক হয়নি।
সোমবার (২৬ অক্টোবর) ওই কীটনাশকের দোকানে অভিযোগ জানাতে গেলে জাকিয়া এন্টারপ্রাইজের মালিক আব্দুল জব্বারের সঙ্গে কৃষক আশরাফ আলীর বাদানুবাদ হয়। এ সময় দোকানমালিক ক্ষতিপূরণ হিসেবে ১০ হাজার টাকা দিতে চান বলে জানা গেছে।
ঘটনাস্থলে সাংবাদিক ও স্থানীয় লোকজন উপস্থিত হলে দোকানে বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ কীটনাশক দেখতে পান তাঁরা। পরে বিষয়টি ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-কে জানানো হলে তিনি পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন। তবে তাঁর পৌঁছানোর আগেই দোকানমালিক আব্দুল জব্বার কৌশলে সেখান থেকে সরে যান।
অভিযুক্ত দোকান মালিককে ঘটনাস্থলে না পেয়ে সহকারী কমিশনার (ভূমি) অভিযোগকারী ঐ কৃষককে থানায় নিয়মিত মামলা করার পরামর্শ দেন। একই সঙ্গে উপস্থিত ব্যক্তিদের সামনে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি নিয়ে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
কৃষক আশরাফ আলীর অভিযোগ, প্রায় দুই তিন মাস আগে জমিতে ব্যবহারের সময় কীটনাশকের সংস্পর্শে এসে তাঁর হাতে সংক্রমণ দেখা দেয় এবং পরে তা কয়েকটি আঙুলে ছড়িয়ে পড়ে। এ কারণে তাঁকে চিকিৎসা নিতে হয়।
তবে ঘটনার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দাখিলের খবর পাওয়া যায়নি।
ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, ভুক্তভোগী এখনও থানায় আসেন নাই। ভুক্তভোগী থানায় আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.