
নিজস্ব প্রতিবেদক:
মাদক, বাল্যবিবাহ, আত্মহত্যা, যৌতুক, ইভটিজিং, সাইবার সুরক্ষা ও ট্রাফিক আইনসহ নানা সামাজিক অপরাধ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর মডেল থানা ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে আজ বুধবার (২৮ অক্টোবর) এই কর্মশালা আয়োজিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, “আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক। মাদক সকল অপরাধের মূল। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলেই একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ জাতি গঠন সম্ভব।”
বাল্যবিবাহের কুফল তুলে ধরে তিনি বলেন, “বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ এবং শিশুর সুন্দর ভবিষ্যৎ ধ্বংসের কারণ। ১৮ বছরের নিচে মেয়ে এবং ২১ বছরের নিচে ছেলের বিবাহ আইনত নিষিদ্ধ। এর ফলে শিক্ষা ব্যাহত হয় ও স্বাস্থ্যঝুঁকি বাড়ে।” এ বিষয়ে কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ৯৯৯-এ কল করে অথবা নিকটস্থ থানাকে জানানোর পরামর্শ দেন তিনি।
আত্মহত্যারোধে শিক্ষার্থীদের মানসিকভাবে দৃঢ় থাকার আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, “জীবন অমূল্য, কোনো সমস্যাই জীবনের চেয়ে বড় নয়, বেঁচে থাকার নামই জীবন। পরীক্ষায় খারাপ ফল, পারিবারিক চাপ বা মানসিক কষ্ট থেকে আত্মহত্যার মতো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। হতাশা লাগলে পরিবার, শিক্ষক বা পুলিশের সাথে কথা বলতে হবে।”
এ ছাড়া বর্তমান সময়ের গুরুত্ব বিবেচনা করে সাইবার সুরক্ষা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা, ডিজিটাল প্রতারণা থেকে রক্ষা পাওয়ার উপায় এবং ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ‘সততা স্টোর’-এর ধারণা তুলে ধরা হয়, যা তাদের মাঝে নৈতিকতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করবে।
আলোচনা শেষে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের জিজ্ঞাসা তুলে ধরে। পরে কুইজ টেস্টের আয়োজন করা হয় এবং সঠিক উত্তরদাতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিদ্যালয়টির অন্যান্য শিক্ষকবৃন্দ, এএসপি (প্রবিঃ), সদর মডেল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইন্সপেক্টর এবং ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তারা উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.