
মোঃ সোহেল রানা রাজশাহী
রাজশাহী বিভাগীয় বইমেলা ২০২৬ উপলক্ষ্যে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকাল তিনটায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগীয় প্রশাসন আয়োজিত এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ব্রিফ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, রাজশাহী বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে আগামী ২৯ অক্টোবর থেকে ৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত রাজশাহী কালেক্টরেট মাঠে ‘রাজশাহী বিভাগীয় বইমেলা ২০২৬’ অনুষ্ঠিত হবে। বইমেলায় বাংলা একাডেমি, কবি নজরুল ইনস্টিটিউট, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, গণগ্রন্থাগার অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, বাংলাদেশ শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এবং জাতীয় গ্রন্থকেন্দ্রসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠান ও সংস্থার মোট ৮৯টি স্টল থাকবে।
আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল তিনটায় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। আগামী ৬ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা ছয়টায় বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার।
বইমেলা প্রতিদিন কর্মদিবসে দুপুর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনে বেলা এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলাকালে প্রতিদিন প্রাঙ্গণে আলোচনা সভা, সেমিনার, বিভিন্ন প্রতিযোগিতা এবং রাজশাহী বিভাগের আট জেলার জেলা শিল্পকলা একাডেমি ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ বইমেলার মাধ্যমে বই ও পাঠাভ্যাসের প্রসার, সৃজনশীল প্রকাশনার বিকাশ এবং পাঠক, লেখক ও প্রকাশকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পাবে। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টিতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
লিখিত বক্তব্য উপস্থাপন শেষে আয়োজক কর্তৃপক্ষ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময়, রাজশাহী বিভাগীয় বইমেলা সফল ও সার্থকভাবে আয়োজনের লক্ষ্যে মেলার ব্যাপক প্রচার-প্রচারণায় সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতিয আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান, জেলা তথ্য অফিসের ভারপ্রাপ্ত পরিচালক নাফেয়ালা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সবুর আলী ও বেলায়েত হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.