
এ.কে পলাশ কুমিল্লা
কুমিল্লায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশীয় অস্ত্র হাতে স্লোগান দেওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ‘এসবিএস’ (SBS) গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার উনাইসার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সুত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ২২ জন তরুণকে দেশীয় অস্ত্র হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ভিডিওতে তাদের ‘এসবিএস’ গ্রুপের সদস্য হিসেবে পরিচয় দিতে দেখা যায়। নিজেদের তৈরি এই গ্রুপের নামে বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ভিডিওটি পুলিশের নজরে আসার পর সদর দক্ষিণ মডেল থানা পুলিশ তাদের শনাক্তে একাধিক দল নিয়ে কাজ শুরু করে। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে ইয়াছিন আহমেদ আকাশ (১৭), কুমিল্লার বরুড়া উপজেলার এগারো গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. শাওন (১৯), নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর গ্রামের কালা মিয়ার ছেলে মো. হাবিব (১৭) এবং কুমিল্লার লালমাই উপজেলার ফারবাইন মসজিদবাড়ি এলাকার মনির হোসেনের ছেলে মো. হাবিব (১৭)। তারা সবাই কুমিল্লা সদর দক্ষিণ উনাইসার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমাদের নজরে আসে। এরপর একাধিক দল কাজ শুরু করে। পরে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আজ আদালতে সোপর্দ করা হবে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, তারা নিজেরাই একটি সংগঠন তৈরি করে এর নাম দিয়েছে এসবিএস।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.