
শাহেদ আহমেদ,
সাতক্ষীরা:
সাতক্ষীরার কালিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম (৩৮) নামে এক নারীকে আটক করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন কথিত মাদক কারবারি চক্রের মূলহোতা মো. জাহাঙ্গীর আলম। সোমবার (২ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক রাশিদা বেগম গোবিন্দপুর গ্রামের জোহর আলীর স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমানের দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দপুর গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় রাশিদা বেগমের বসতবাড়ির একটি পুরোনো ঘরে তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, পলাতক মো. জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা, ফেনসিডিল ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের অবৈধ কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। দেশের বিভিন্ন স্থানে মাদক পাচারের সঙ্গেও তিনি জড়িত বলে স্থানীয়দের দাবি। দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চালিয়ে গেলেও তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরাছোঁয়ার বাইরে ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী। এদিকে, পুলিশের অভিযানের সময় জাহাঙ্গীর আলম পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তারের বিষয়টি এখন পুলিশের পরবর্তী তৎপরতার ওপর নির্ভর করছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান জানান, এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে কালিগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় সংবাদকর্মী ও সচেতন মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.