
শাহেদ আহমেদ, সাতক্ষীরা:
সাতক্ষীরার কালীগঞ্জে এসআরবি-৬-এর বিশেষ অভিযানে ১০০ বোতল নিষিদ্ধ ভারতীয় উইনক্রেক্স সিরাপসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন ১০০ সিসি হিরো হোন্ডা স্প্লেন্ডার মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে কালীগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর বাজারের চৌরাস্তা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে এসআরবি-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল। এসআরবি সূত্রে জানা যায়, কালীগঞ্জের তেঁতুলিয়া এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে এক ব্যক্তি গোপালগঞ্জে যাবেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর বাজার এলাকায় আগে থেকেই অবস্থান নেয় আভিযানিক দলটি। পরে বিভিন্ন যানবাহনে তল্লাশির একপর্যায়ে একটি মোটরসাইকেলের গতিরোধ করে জাহিদুল ইসলাম (৫০) ও নুরুজ্জামান গাজীকে (৪২) আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেল ও তাদের সঙ্গে থাকা পিঠের ব্যাগ তল্লাশি করে ১০০ বোতল নিষিদ্ধ ভারতীয় উইনক্রেক্স সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল, ব্যাগ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক নুরুজ্জামান গাজী কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের আনোয়ার গাজীর ছেলে। অপর আটক জাহিদুল ইসলাম গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ থানার সুলতান শাহী গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে। এসআরবি সূত্রে আরও জানা যায়, নুরুজ্জামান গাজী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী ভারত থেকে নদীপথে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এনে আন্তজেলা মাদক কারবারিদের কাছে বিক্রি করে আসছিলেন। এসআরবি খুলনা-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার শাহজাহান জানান, মাদক ও অবৈধ বৈদেশিক পণ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় এসআরবি খুলনা-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের অতিরিক্ত পরিচালক উপপরিদর্শক (এসআই) মামুন বাদী হয়ে মঙ্গলবার কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। স্কোয়াড কমান্ডার আরও জানান, অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.