
মোঃ সুজন আহমেদ
সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দেশি-বিদেশি ১০৩টি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি সেট।
এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিস্তারিত তথ্য তুলে ধরেন এসআরবি-১২-এর অতিরিক্ত ডিআইজি আতিকুর রহমান মিয়া।
এসআরবি-১২-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে প্রতিষ্ঠালগ্ন থেকেই স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ১ নভেম্বর ২০২৬ তারিখে এসআরবি-১২-এর পৃষ্ঠপোষকতায় সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার মোট ৬৫ জন চরমপন্থী আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারী চরমপন্থীদের কাছ থেকে পাওয়া তথ্য এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেশি-বিদেশি ১০৩টি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্রসহ ৮টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযান পরিচালিত স্থানগুলো হলো—সিরাজগঞ্জ জেলার তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা থানা এলাকা এবং পাবনা জেলার সাঁথিয়া ও আতাইকুলা থানা এলাকা।
এসআরবি কর্তৃপক্ষ জানিয়েছে, জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.