
নিজস্ব প্রতিবেদক:
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে ৫৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করেছে।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোররাত আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপির হাবিলদার মো. এনামুল হকের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল টহলে বের হয়। টহল দলটি সীমান্ত মেইন পিলার ১৮৯ থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিয়ালমারা গ্রামের বাসিন্দা আইস উদ্দিনের আমবাগানে পৌঁছালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘ইস্কাফ’ সিরাপ উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাজী আল-আমিন অপু জানান, "বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।"
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.