
এ.কে পলাশ কুমিল্লা
মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি যুবসমাজকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন কুমিল্লার আদর্শ সদর উপজেলার ৪নং আমড়াতলী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শাহিন আহমেদ শরীফ। তিনি বলেছেন, আমড়াতলী ইউনিয়নে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রতিটি এলাকায় খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে আমড়াতলী উচ্চ বিদ্যালয় মাঠে দুতিয়ার দিঘীরপাড় এলিভেন স্টার ক্লাব আয়োজিত ‘মরহুম হাজী শরাফত স্মৃতি ডাবল এলইডি কাপ সিজন-২’-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শাহিন আহমেদ শরীফ বলেন, একটি ইউনিয়নের উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং সুস্থ, সচেতন ও অপরাধমুক্ত সমাজ গঠনও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। এ ক্ষেত্রে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, আমড়াতলী ইউনিয়নে মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। মাঠে তরুণদের পদচারণা বাড়লে মাদক ও অপরাধ থেকে তাদের দূরে রাখা অনেকটাই সহজ হবে।
এদিকে ফাইনাল খেলাকে কেন্দ্র করে আমড়াতলী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রধান অতিথি শাহিন আহমেদ শরীফ অনুষ্ঠানে উপস্থিত হলে আয়োজক কমিটির সদস্য ও স্থানীয়রা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপি নেতা কামাল হোসেন মেম্বার, দুতিয়াদিঘিরপাড় জামে মসজিদের সভাপতি আতিয়ার রহমান শফিক, দুতিয়াদিঘিরপাড় গাউছিয়া সুন্নীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি ফজলুর রহমান ফুলমিয়া, সমাজসেবক হাজী গাজিউর রহমান, আবদুল মতিন, আনু মিয়া, শাহ আলম, আবুল হাসেম ও আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুতিয়াদিঘিরপাড়ের সাবেক ইউপি সদস্য হাজী নজরুল ইসলাম।
ফাইনাল খেলায় কামাল মেম্বার একাদশকে ২ গোলের ব্যবধানে পরাজিত করে রুহুল আমীন বকুল হাওলাদার একাদশ (কশবাহ) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
স্থানীয়দের অংশগ্রহণে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতা বিনোদনের পাশাপাশি যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.