
নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এক ব্যতিক্রমী নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ৬নং ওয়ার্ডের ভবানীপুর এলাকায় এই উন্মুক্ত মতবিনিময় সভার আয়োজন করে স্থানীয় ওয়ার্ডবাসী।
আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সর্বস্তরের ইউনিয়নবাসীর সমর্থন ও দোয়া চেয়ে নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন গোমস্তাপুর উপজেলা বাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান নির্বাহী সদস্য মো. আব্দুল মবিন নির্মল।
ভবানীপুর গ্রামসহ আশপাশের প্রায় তিন শতাধিক প্রবীণ ও তরুণ ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে এই পথসভা। অনুষ্ঠান চলাকালে এলাকার সাধারণ মানুষ তাদের দৈনন্দিন ভোগান্তি, নানা নাগরিক সমস্যা ও ভবিষ্যৎ প্রত্যাশা নিয়ে সরাসরি প্রার্থীক সাথে আলোচনা করেন।
উপস্থিত জনতার উদ্দেশ্যে মবিন নির্মল বলেন, “আপনারাই এই ইউনিয়নের মালিক। আপনাদের সমর্থন নিয়ে আমি জনসেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। আগামীতে বাঙ্গাবাড়ীকে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত এবং স্বচ্ছ ও ন্যায্য বিচারের একটি রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে।”
সরকারি বিভিন্ন ভাতা ও সহায়তা বণ্টনে সম্পূর্ণ স্বচ্ছতা আনার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, “বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে কোনো প্রকার টাকার লেনদেন বা অনিয়ম সহ্য করা হবে না। প্রতিটি ওয়ার্ডে সবার সামনে উন্মুক্ত আলোচনার মাধ্যমে প্রকৃত যোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি করে সুবিধা পৌঁছে দেওয়া হবে। এছাড়া সাধারণ মানুষের পরামর্শ নেওয়ার জন্য একটি ‘উপদেষ্টা পরিষদ’ গঠন করা হবে।”
ভোটারদের উদ্দেশে এই প্রার্থী আরও বলেন, “আপনারা আমার সম্বন্ধে জানুন, খোঁজখবর নিন—আমি কেমন, আমার আচার-ব্যবহার কেমন। আপনারা যাকে খুশি ভোট দিন না কেন; তবে একজন শিক্ষিত, সৎ, যোগ্য ও নিষ্ঠাবান মানুষকে নির্বাচিত করে আপনাদের মূল্যবান ভোটটি প্রদান করবেন।”
জনবান্ধব সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি যোগ করেন, “কোনো সাধারণ মানুষ আমার কাছে এসে অসম্মানিত হবেন না বা দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না। আমি শাসক নয়, সুবিধাবঞ্চিত মানুষের সেবক হয়ে থাকতে চাই।”
পথসভায় এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রার্থীর সুস্পষ্ট রূপরেখা ও প্রশ্নোত্তর পর্বে সন্তুষ্ট হয়ে স্থানীয় ভোটাররা তাঁর প্রতি নিজেদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.