
শাহেদ আহমেদ, সাতক্ষীরা
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক চারটি অভিযানে ভারতীয় শাড়ি, পুরোনো মোবাইল ফোন, মদ, গাঁজা ও ওষুধ জব্দ করা হয়। এ সময় একজনকে আটক করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
গত ৫ ও ৬ নভেম্বর ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীন মাদরা, ভোমরা, বৈকারী ও কাকডাঙ্গা বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালায়।
অভিযানের অংশ হিসেবে মাদরা বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ৮ আরবি ও ১৪ আরবি থেকে আনুমানিক ২০০ ও ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাদিয়ালি ও বরালি এলাকায় অভিযান চালান। এ সময় ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ৯ হাজার টাকা মূল্যের মদ জব্দ করা হয়।
অন্যদিকে, ভোমরা বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৩ থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মন্দির মোড় এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় পুরোনো মোবাইল ফোন জব্দ করেন।
বৈকারী বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৭/৪২-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৈকারীপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক করেন। এ সময় ৭ হাজার ৪৫ টাকা ৫০ পয়সা মূল্যের ভারতীয় গাঁজা, একটি বাইসাইকেল এবং একটি গ্রামীণ সিমকার্ডসহ মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ছাড়া কাকডাঙ্গা বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ৩ আরবি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাছি এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেন।
বিজিবি জানায়, এসব অভিযানে জব্দ করা মাদক ও চোরাচালানি মালামালের সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৯৬ হাজার ৪৫ টাকা ৫০ পয়সা।
এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি বলেন, ভারতীয় পণ্য চোরাচালানের কারণে একদিকে যেমন দেশীয় শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.