
নিজস্ব প্রতিবেদকঃ
বাগেরহাটের চিতলমারীতে শাকিলা আক্তার (১৯) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে তাঁকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তোলা হয়েছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী শেখ হাফিজুর রহমান পলাতক রয়েছেন বলে দাবি স্বজনদের।
সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলার চরকচুরিয়া গ্রামে স্বামীর বসতঘর থেকে শাকিলার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত শাকিলা আক্তার চরকচুরিয়া গ্রামের শেখ হাফিজুর রহমানের স্ত্রী। তাঁর বাবার বাড়ি একই উপজেলার বারাসিয়া গ্রামে। তিনি নিয়ামত আলী ও রিক্তা বেগম দম্পতির একমাত্র সন্তান। প্রায় এক বছর আগে শেখ হাফিজুর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়।
নিহতের পরিবারের অভিযোগ, শাকিলার মৃত্যু স্বাভাবিক নয়। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। মৃত্যুর পর স্বামীর পলাতক থাকার বিষয়টি তাঁদের সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে স্বামী বা তাঁর পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম মাসুম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সাত মাসের অন্তঃসত্ত্বা শাকিলার মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং অভিযোগের সুষ্ঠু বিচার দাবি করেছেন তাঁর স্বজনেরা।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.